স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চে মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৯০ রানের ইনিংসকে বৃথা করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে ব্ল্যাকক্যাপরা। ১৫৯ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা। টপ অর্ডারের ব্যর্থতা সামলে ৭২ রানে ড্যারিল মিচেল আর ৭০ রানে গ্লেন ফিলিপস অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন।
বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন নেতা পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে তার অধিনায়কত্বের অভিষেকটা সুখকর হলো না। প্রথম অ্যাসাইনমেন্টে নিউজিল্যান্ড সফরে এসে শুরুর তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে দল। ঘুরে দাঁড়াতে পারেনি চতুর্থ ম্যাচেও।
যদিও বল হাতে দলকে শুরুতে আশা দেখিয়েছিলেন শাহিন। রান তাড়ায় নামা কিউইদের টপ অর্ডার ধসিয়ে দেন দলীয় ২০ রানের মধ্যে। ইনিংস শুরুর প্রথম ওভারে দুই বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন দুই ওপেনার ফিন অ্যালেন (৮) ও টিম সাইফার্ট। পরের ওভারে আক্রমণে এসে উইল ইয়াংকে (৪) মোহাম্মদ নেওয়াজের ক্যাচে পরিণত করেন শাহিন।
তবে বাকি বোলাররা কোনো প্রতিরোধ গড়তে পারেননি। তাদেরকে কোনো সযোগই দেননি ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দলের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তারা দুজনেই তুলে নেন। তাতে গড়েন রেকর্ডও। টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেটে কিউইদের পক্ষে সর্বোচ্চ দলীয় জুটি। আগের রেকর্ডটি ছিল ১২৪ রানের উইলিয়ামসন ও অ্যান্ডারসনের। এদিন রেকর্ড জুটি গড়ার পথে ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন মিচেল। আর ৫২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন ফিলিপস। পাকিস্তানের পক্ষে একমাত্র উইকেট শিকারি শাহিন ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন।
এদিকে মিচেল ও ফিলিপসের ব্যাটে ঢাকা পড়েছে রিজওয়ানের ৯০ রানের দুর্দান্ত ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে এদিন ব্যাট হাতে একাই দ্যুতি ছড়িয়েছেন এ ব্যাটার। ৬৩ বলে তার অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯ বলে ২১ রান করেন নেওয়াজ। এছাড়া ১১ বলে বাবর আজম ১৯ আর ১৪ বলে ১০ রান করেন ইফতিখার আহমেদ। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে তারা। কিউইদের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ২১ জানুয়ারি একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৪