শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

এক দিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪ Time View

ডেস্কনিউজঃ বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে নেপালের দিক থেকে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আরোহীর চূড়ায় পৌঁছানোর নতুন রেকর্ড হয়েছে। বুধবার নেপালের দিক থেকে ২৭৪ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় পৌঁছান।

দেশটির এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তজুড়ে অবস্থিত। পর্বতটিতে দুই দিক থেকেই আরোহণ করা যায়। তবে এবারের মৌসুমে তিব্বতের দিক থেকে কোনো আরোহী ওঠেননি বলে জানিয়েছেন অভিযাত্রা সংশ্লিষ্টরা। তাদের দাবি, চীনা কর্তৃপক্ষ এ বছর কোনো আরোহণ অনুমতি দেয়নি।

নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারি বৃহস্পতিবার জানান, এর আগে নেপালের দিক থেকে এক দিনে সর্বোচ্চ ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন ২০১৯ সালের ২২ মে।

তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এভারেস্টের দুই দিক মিলিয়ে একদিনে সবচেয়ে বেশি ৩৫৪ জন আরোহী চূড়ায় পৌঁছান ২০১৯ সালের ২৩ মে।

ঋষি ভান্ডারি বলেন, এটি এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি সংখ্যক আরোহীর চূড়ায় পৌঁছানোর ঘটনা।

তিনি আরো জানান, কিছু আরোহী এখনো বেসক্যাম্পে নিজেদের সাফল্যের তথ্য জানাননি, ফলে সংখ্যাটি আরো বাড়তে পারে।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, বুধবার ২৫০ জনের বেশি আরোহী চূড়ায় উঠেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে ছবি ও অন্যান্য প্রমাণ যাচাইয়ের পরই আনুষ্ঠানিক সংখ্যা নিশ্চিত করা হবে। এ বছর এভারেস্ট আরোহণের জন্য নেপাল সরকার ৪৯৪টি অনুমতি দিয়েছে। প্রতিটি অনুমতির মূল্য ১৫ হাজার মার্কিন ডলার।

বিপুল সংখ্যক আরোহীকে অনুমতি দেওয়ার কারণে নেপাল দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে রয়েছে। বিশেষ করে চূড়ার নিচের ‘ডেথ জোন’ এলাকায় দীর্ঘ সারি ও যানজট তৈরি হওয়ায় ঝুঁকি বেড়ে যায়। ওই এলাকায় অক্সিজেনের মাত্রা এতটাই কম যে মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়ে।

নেপাল সরকার বলছে, অতিরিক্ত ভিড় ও অনভিজ্ঞ আরোহীদের ঝুঁকি কমাতে তারা কঠোর নিয়ম ও বাড়তি ফি চালু করেছে।

অস্ট্রিয়াভিত্তিক ফুরটেনবাখ অ্যাডভেঞ্চারসের আয়োজক লুকাস ফুরটেনবাখ বলেন, পর্যাপ্ত অক্সিজেন ও সঠিক ব্যবস্থাপনা থাকলে বড় সংখ্যক আরোহী কোনো সমস্যা নয়।

তিনি বলেন, আমাদের দলগুলো বড় ভিড়ের পেছনে ছিল, তাই আমরা সমস্যায় পড়িনি। পর্যাপ্ত অক্সিজেন থাকলে এটি বড় কোনো বিষয় নয়।

এভারেস্ট বেসক্যাম্প থেকে তিনি আরো বলেন, আল্পস পর্বতমালার জুগস্পিৎসে পর্বতে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ ওঠে। সেই হিসেবে ২৭৪ জন আসলে খুব বড় সংখ্যা নয়, বিশেষ করে এভারেস্ট তো তার চেয়ে ১০ গুণ বড়।

সূত্র: রয়টার্স

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২৬/দুপুর ১২.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit