ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের যুবাদের জয়রথ ছুটছে। নাজমুল হুদা-রিফাত কাজীদের রথের চাকায় গুঁড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। এতটাই যে বাংলাদেশের যুবাদের সামনে দাঁড়ানোর কোনো উপায়ই খুঁজে পাচ্ছেন না প্রতিপক্ষের ডিফেন্ডাররা। অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের স্কোরকার্ড তেমনি জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারের দুই অর্ধে সমান ৪ টি করে গোল পেয়েছেন নাজমুল-অপু রহমানরা। গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ১৩ মিনিটে। অধিনায়ক নাজমুলের পাসে বলকে জালে জড়ান অপু। ২৩ মিনিটে একক ণৈপুণ্যের ঝলক দেখিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত, প্রতিপক্ষের দুজন ডিফেন্ডরাকে বিট করে। বিরতিতে যাওয়ার আগে তৃতীয় ও চতুর্থ গোল করেন নাজমুল ও মোহাম্মদ মানিক।























