স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের প্রথম টেস্টকে সামনে রেখে বুধবার দল ঘোষণা করেছিল ইংলিশরা। এবার অস্ট্রেলিয়াও তাদের একাদশ ঘোষণা করেছে। শুক্রবার (২১ নভেম্বর) পার্থে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। ইনজুরিতে জর্জরিত অজিরা এবার মাঠে নামবে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। পেসারদের মধ্যে প্রথম টেস্টের আগে পুরোপুরি ফিট আছেন শুধু মিচেল স্টার্ক।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখের—ফাস্ট বোলার ব্রেন্ডন ডগেট এবং ওপেনার জ্যাক ওয়াদারাল্ড। হ্যাজেলউডের চোটে ডগেটের দলে আসা অনেকটাই প্রত্যাশিত ছিল। পার্থ টেস্টের একাদশে আরও রয়েছে কিছু পরিবর্তন। অলরাউন্ডার বিউ ওয়েবস্টার বাদ পড়েছেন, তিন নম্বরে ফিরেছেন মার্নাস লাবুশেন এবং শীর্ষ ছয়ে জায়গা ফিরে পেয়েছেন ক্যামেরন গ্রিন।
২০১৯ সালের পর এবারই প্রথমবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে একসঙ্গে দুইজনের অভিষেক ঘটছে। শুধু অ্যাশেজ হিসেব করলে এই ঘটনা ঘটেছে আরও আগে; ২০১০-১১ মৌসুমে উসমান খাজা ও মাইকেল বিয়ার একসঙ্গে অভিষেক করেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন জ্যাক ওয়াদারাল্ড ও ব্রেন্ডন ডগেট। জ্যাক ওয়াদারাল্ড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট এবং স্কট বোল্যান্ড।
কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ বিকাল ৫:২৭