স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষ হওয়ার আগে থেকেই গুঞ্জন চলছিল, অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্টিনেজ। ঘরের মাঠ ভিলা পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের বিদায় জানান তিনি। এরপর থেকেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের ভবিষৎ নিয়ে শুরু হয় আলোচনা।
তবে ভিলা পার্ক ছেড়ে ৩২ বছর বয়সী মার্টিনেজ কোথায় পাড়ি জমাবেন, তা নিয়েই চলছিল নানান গুঞ্জন। গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং সৌদি ক্লাবগুলো আগ্রহী ছিল বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের প্রতি। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পছন্দ মার্টিনেজের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ম্যানইউর কঠিন একটা মৌসুম পার করা স্বত্ত্বেও সমালোচকদের ভুল প্রমাণ করতে চান নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানা। তবুও এই গ্রীষ্মে নতুন গোলরক্ষক কিনতে পারে ক্লাবটি। কারণ, তাদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলতায়ে বেইন্দির চলে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ম্যানইউতে ওনানার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তবে শুধু মার্টিনেজই আগ্রহী নন, ইউনাইটেডেরও আগ্রহ আছে মার্টিনেজের প্রতি।
এক সূত্রকে উদ্ধৃত করে দ্য সান জানিয়েছে, ‘মার্টিনেজ আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এছাড়া ম্যানইউ কোচ আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিং লিসবনে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর মার্টিনেজ সেই চাহিদায় পুরোপুরি ফিট।’
কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /দুপুর ২:৫৮