সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর রাজনীতিতে এবার রাজনৈতিক লড়াই রূপ নিল ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিনেতা-রাজনীতিক বিজয়ের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ শাণালেন বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। মুখ্যমন্ত্রীর বৈবাহিক জীবনের টানাপোড়েন টেনে এনে উদয়নিধি মন্তব্য করেন, চেঙ্গলপট্টু আদালতে স্বামীর খোঁজে স্ত্রীর ঘোরার গল্প পুরো তামিলনাড়ু জানে।

মূলত, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটিয়ে আইনি বিচ্ছেদের সেই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এই বিষয়টিকে ইঙ্গিত করেই উদয়নিধি এমন কটাক্ষ করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী বিজয় মন্তব্য করেছিলেন যে, বিরোধী দলগুলোর উসকানিতে কৃষকরা আন্দোলন করছেন। এর জবাবে ক্ষোভ প্রকাশ করে উদয়নিধি বলেন, কৃষকদের অপমান করা অত্যন্ত নিন্দনীয়। তিনি বিজয়কে উদ্দেশ্য করে বলেন, চেঙ্গলপট্টু আদালতের গল্প সবাই জানে, তাই ওসব ছোটগল্প বলা বন্ধ করে অন্তত এখনকার মতো এই বিষয়গুলো ভুলে থাকাই ভালো।

এই ব্যক্তিগত আক্রমণের সূত্রপাত অবশ্য ঘটেছিল বিধানসভার ভেতরে। আজ সকালে বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বিজয় সরাসরি ডিএমকে-কে আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, ‘পার্টি ফান্ড’ সংগ্রহের নামে যে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, তার সরকার তা উদ্ধার করবে। বিজয়ের এই মন্তব্যে তীব্র আপত্তি জানান বিরোধী শিবিরের সদস্যরা। উদয়নিধি স্ট্যালিন পয়েন্ট অব অর্ডার তুলে দাবি করেন, প্রমাণ ছাড়া মুখ্যমন্ত্রী এমন অভিযোগ করতে পারেন না। তবে স্পিকার হস্তক্ষেপ না করে মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার অনুমতি দেন। নিজের বক্তব্য চালিয়ে গিয়ে বিজয় দাবি করেন, পূর্ববর্তী ডিএমকে সরকারের মতো তার দল টিভিকে কখনো দুর্নীতিতে জড়াবে না বা সরকারি কোষাগার লুট করতে দেবে না। শুধু তাই নয়, বিধানসভায় বক্তব্য রাখার সময় বিজয় সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের একটি পুরোনো ও বহুল আলোচিত হাতের ভঙ্গিও নকল করে দেখান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

বিধানসভার বাইরে এসে উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র সমালোচনা করে একে ‘রিলস’ বা সামাজিক মাধ্যমের সস্তা প্রচার বলে উড়িয়ে দেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, টিভিকে বিধানসভাকে সিনেমা থিয়েটার বানিয়ে ছেড়েছে, যেখানে এখন শিস বাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রায় ৩০ মিনিটের এই বক্তব্য সম্পূর্ণ চিত্রনাট্য মেনে এবং কৃত্রিমভাবে করা হয়েছে। উদয়নিধি আরও কটাক্ষ করে বলেন, স্পিকার এখানে ‘অ্যাকশন’ এবং ‘কাট’ বলছেন। এর পর হয়তো বিধানসভায় ক্যারাভান, মেকআপ আর্টিস্ট আর স্টান্ট মাস্টারও চলে আসবে এবং তারা বিধানসভাকে আস্ত একটা শুটিং স্পটে পরিণত করবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৬,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit