বিনোদন ডেস্ক : দুই সন্তানকে নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বের নানা অভিজ্ঞতার মধ্যেই হ্যালোউইন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওতে সাদা চাদরে মাথা-মুখ ঢেকে, চোখে কালো সানগ্লাস পরে চেয়ারে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে তাঁর এই অদ্ভুত সাজের পেছনে রয়েছে মাতৃত্বের এক পরিচিত অভিজ্ঞতা।
ভিডিওতে দীপিকার কোলে ছিল ব্রেস্ট পাম্পের মেশিন। মধ্যরাতে মেশিনটির শব্দে তৈরি হয়েছে অনেকটা ভৌতিক পরিবেশ। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এটা কোনো ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ।’
দীপিকার এই পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের। অনেকেই তাঁর মাতৃত্বের এই বাস্তব অভিজ্ঞতার প্রশংসা করেছেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি সন্তানের যত্নে যে তিনি অন্য মায়েদের মতোই রাত জাগছেন, সেটিই ফুটে উঠেছে ভিডিওতে।
পোস্টে দীপিকা আরও ইঙ্গিত দিয়েছেন, ছোট মেয়ে দেবী ঘুমালে তবেই নিজের গোসল, খাওয়া ও শরীরচর্চার সময় পান তিনি। অর্থাৎ সন্তানদের দেখাশোনার ফাঁকেই নিজের জন্য কিছুটা সময় বের করতে হচ্ছে তাঁকে।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৪