স্পোর্টস ডেস্ক : টানা ব্যাটিং ব্যর্থতায় বাবর আজমের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি বাবর আজমের ব্যাটিং নিয়ে কাজ করতে এখনই প্রথম শ্রেণির ম্যাচের বদলে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় পাঠাতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের পর বাবর আজমকে নিয়ে এই মন্তব্য করেন মোহাম্মদ ইউসুফ। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান জয়ী হলেও, বাবর আজম কোনো রান না করেই সাজঘরে ফেরেন।আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের পর সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ পিসিবির কাছে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে তরুণ প্রতিভাদের সরাসরি শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় নামিয়ে না দিয়ে ঘরোয়া টুর্নামেন্টগুলোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
একসময় ভারতীয় ব্যাটিং আইকন বিরাট কোহলির কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত বাবর আজম বর্তমানে সব ফরম্যাটেই রান পেতে হিমশিম খাচ্ছেন। সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের মতে, তার হারানো ছন্দ ফিরে পেতে তাকে এবং ক্রিকেট বোর্ডকে তার ব্যাটিং টেকনিক বা কৌশল নিয়ে কাজ করতে হবে। অনেক ব্যাটারই তাদের দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
মোহাম্মদ ইউসুফের মতে, বাবর আজমের বর্তমান ব্যাটিং ফর্ম উদ্বেগজনক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এক সময় জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন। তিনি মনে করেন, বাবর আজমের ব্যাটিং কৌশলের ত্রুটিগুলো দূর করতে বিশেষায়িত কোচিং প্রয়োজন।
ইউসুফের আশঙ্কা, ব্যাটিং কৌশলে এই ত্রুটিগুলো থাকলে বাবর আজম ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফর্ম করতে ব্যর্থ হতে পারেন। আর যদি তিনি ঘরোয়া ক্রিকেটে উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন, তবে তা শেষ পর্যন্ত তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ারের জন্যই ক্ষতিকর হতে পারে।
এক্সে দেওয়া পোস্টে সাবেক এই কিংবদন্তি বলেন, এই ব্যাটারের ঘুরে দাঁড়ানোর এবং পাকিস্তানের জন্য ভালো কিছু করার সক্ষমতা এখনো রয়েছে। তবে তার আগে, তাকে নিজের ব্যাটিংয়ের সমস্যাগুলো সমাধান করতে হবে। আমার মনে হয় না বাবর আজমের ফার্স্ট-ক্লাস ক্রিকেট খেলা উচিত, যতক্ষণ না তিনি বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে নিজের টেকনিক্যাল সমস্যাগুলো কাটিয়ে ওঠেন। ঘরোয়া ক্রিকেটে ধুঁকতে থাকলে তা তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ারের আরও ক্ষতি করতে পারে। তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান।
সঠিক দিকনির্দেশনা পেলে বাবর আবারও নিজের সেরা ফর্মে ফিরতে পারবেন মনে করেন সাবেক এই ক্রিকেটার।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১১:০৮