স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জেতার পর ২০২৬-২৭ মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের রদবদলের গুঞ্জন পাওয়া যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম সুপারিশ করেছেন দলের প্রধান কোচ মাইক হেসন। বোর্ডের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, আরাফাত মিনহাজ, সাদ বেগ, হাসান নওয়াজ, আকিফ জাভেদ, আলী রেজা, আহসান দানিয়াল, সুফিয়ান মুকিম, মায সাদাকাত, রিজাউল্লাহ, আজান আওয়াইস, ইমরান রানধাওয়া, আবদুল্লাহ ফজল এবং গাজি ঘোরিকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে।
তরুণদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের চুক্তিতে রাখা হবে কি না, সেই বিষয়ে বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সূত্রটি জানিয়েছে, এ বছর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে কয়েকজন অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হতে পারে। তিনি আরও জানান, সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান এবং ইমাম-উল-হককে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না।
ওই কর্মকর্তা জানান, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সব ফরম্যাটেই শক্তিশালী দল গঠনের লক্ষ্যে হেসন খেলোয়াড়দের ফিটনেস বজায় রাখা, কোচের পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা, দক্ষতা উন্নয়নের আগ্রহ এবং ড্রেসিংরুমে ইতিবাচক মনোভাব প্রদর্শনের ওপর জোর দিচ্ছেন।
সূত্রটি জানিয়েছে, যেসব তরুণ খেলোয়াড় নিজেদের সম্ভাবনা দেখিয়েছেন এবং ড্রেসিংরুম ও দলের জন্য মূল্যবান অবদান রাখার সক্ষমতা প্রমাণ করেছেন তাদের ভালো কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে পুরস্কৃত ও উৎসাহিত করার দাবি জানিয়েছেন মাইক হেসন।
বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও সাহেবজাদা ফারহান যারা পাকিস্তানের তিনটি ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন তাদের পাশাপাশি সালমান আলী আঘা, সৌদ শাকিল, হারিস রউফ, নাসিম শাহ, ফখর জামান এবং সাইম আইয়ুবকেও চুক্তিতে রাখা হচ্ছে। তবে এদের মধ্যে কয়েকজনকে কেবল লাল বল (টেস্ট) অথবা সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ফরম্যাটের চুক্তিতে সীমাবদ্ধ রাখা হতে পারে।
৩১ জুলাই পুরোনো চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও, পিসিবি নতুন কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দিতে বিলম্ব করেছে। সূত্রটি জানিয়েছে, কাদের চুক্তিতে অন্তর্ভুক্ত করা উচিত, তা নির্ধারণের আগে চলমান আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্যই এই বিলম্ব হয়েছে।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৫১