স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোটে মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমিকে সবার ওপরে রেখেছিলেন দেশটির সাংবাদিক মুস্তাফা বাদরি। তবে ভোট দেওয়ার আগে হাকিমির বিপক্ষে ভোট দিতে তাঁর ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। অন্য এক ফুটবলারের পক্ষে ভোট দেওয়ার জন্যও তাঁকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল।
সম্প্রতি ‘আফ্রিকফুট’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আন্তর্জাতিক ভোটার প্যানেলের সদস্য বাদরি। তিনি বলেন, ভোটের শেষ মুহূর্তে কয়েকজন ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে হাকিমির বিপক্ষে ভোট দিতে অনুরোধ করেন। তবে তাঁদের কথায় রাজি হননি তিনি।
কারা তাঁর ওপর চাপ প্রয়োগ করেছিলেন কিংবা কোন ফুটবলারের পক্ষে ভোট দিতে বলা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বাদরি।
নিজের ভোটের পক্ষে যুক্তি তুলে ধরে এই সাংবাদিক বলেন, মরক্কোর প্রতি ভালোবাসা তাঁর সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। তবে হাকিমিকে প্রথম স্থানে রাখার পেছনে ক্রীড়াগত কারণও ছিল। তাঁর মতে, হাকিমি শুধু রক্ষণভাগেই দক্ষ নন, আক্রমণেও দারুণ কার্যকর একজন ফুটবলার।
বাদরির ভোটে দ্বিতীয় স্থানে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এবং তৃতীয় স্থানে ছিলেন স্পেনের লামিন ইয়ামাল।
তবে ব্যালন ডি’অরের চূড়ান্ত ভোটে ১৩তম হয়েছিলেন আশরাফ হাকিমি। এবারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন।
কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৮