বিনোদন ডেস্ক : ভারতের সামরিক শক্তি ও গোয়েন্দা সক্ষমতা তুলে ধরতে বলিউডের স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’-এর উদাহরণ দিয়েছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। একই সঙ্গে চীনের সঙ্গে সীমান্তে চলমান সংঘাত নিয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) প্রধানের কথিত মন্তব্যের সমালোচনা করেছেন তিনি।
গত ২৮ অক্টোবর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নগরবিষয়ক, ভূমি ব্যবস্থাপনা ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী বালো রাজা। তিনি প্রশ্ন তোলেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কেন এমন বক্তব্য দেবেন, যাতে ভারতের দুর্বলতার ধারণা তৈরি হয়। রাজা বলেন, আপনি যখন মহাপরিচালক, তখন এমন মন্তব্য করার প্রয়োজন কী? নিজেকে দুর্বল মনে করছেন কেন? ভারত অনেক শক্তিশালী। আপনারা নিশ্চয়ই ‘ধুরন্ধর’ সিনেমাটি দেখেছেন। সিনেমাটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।
চীনের সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় এখনো মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে বলে আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুরের কথিত মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যে বালো রাজার এ বক্তব্য এলো। এর আগে গত ২২ অক্টোবর রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে আইটিবিপি সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন কাপুর। সেখানে সীমান্তে মুখোমুখি অবস্থার মোকাবিলায় বাহিনীর নবগঠিত ‘শৌর্য’ কমান্ডো দলের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সূত্র: দ্য প্রিন্ট
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:৫০