শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‌‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক  : বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার জায়গায় শাহরুখের এই ছবির সংগীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরির দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে বলিপাড়ার জনপ্রিয় সুরকার জুটি শচীন-জিগারের কাঁধে। 

তবে শাহরুখের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সিনেমাটির মূল থিম ট্র্যাকটি আগেই তার হাতে তুলে দিয়ে গেছেন অনিরুদ্ধ।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী, পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খান নির্ধারণ করেছেন যে কোনো বিলম্ব ছাড়াই ২০২৬ সালের বড়দিনেই ‘কিং’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। কিন্তু দক্ষিণের একাধিক বড় প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে ‘কিং’-এর মতো এত বড় পরিসরের চলচ্চিত্রের জন্য পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না তরুণ সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। দুই পক্ষের পারস্পরিক সম্মানজনক আলোচনার মাধ্যমেই সৌহার্দ্যপূর্ণভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনিরুদ্ধের এই সিদ্ধান্তটির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে তার আসন্ন রাজকীয় বিয়ের খবর। বিভিন্ন মাধ্যমে জোরালো গুঞ্জন, সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্য মারানের সঙ্গে আগামী ১১ নভেম্বর গ্রিসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অনিরুদ্ধ। এরপর ২১ নভেম্বর এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চলচ্চিত্রজগতের তারকাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা জুটির অভিজাত ও বিলাসবহুল বিয়ের নিমন্ত্রণপত্রের একটি ভিডিও প্রকাশ পেয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, আগামী ডিসেম্বর ২০২৬-এ মুক্তির অপেক্ষায় থাকা ‘কিং’ সিনেমাকে ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। প্রায় তিন বছর পর রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। বিশ্বস্ত সূত্রের খবর, বড় পর্দায় এই ছবির প্রথম ঝলক বা প্রমো দেখা যেতে পারে রণবীর কাপুরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ পার্ট ১’-এর প্রদর্শনীর সময়। 

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকাকে নিয়ে নির্মিত এই সিনেমাটি গত বছর শাহরুখের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। অনিরুদ্ধ সরে দাঁড়ালেও শচীন-জিগারের ওপরই এখন আস্থা রাখছেন নির্মাতারা।

সূত্র: মিড-ডে

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৬,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit