ডেস্ক নিউজ : রোববার (৭ এপ্রিল) মিরপুরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। সে সময়ে জাতীয় দলের চেয়েও নিজের দলকে শক্তিশালী হিসেবে উল্ল্যেখ করেন। তিনি বলেন, ‘কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম, তোর জাতীয় দল থেকে আমার আবাহনী শক্তিশালী।’
বর্তমানে ডিপিএলে টেবিল টপার আবাহনী। ৯টি ম্যাচ খেলে ৯টিতেই জয় পেয়েছে সুজনের শিষ্যরা। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই দলে খেলেন। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজে যেভাবে হতশ্রী পারফর্ম করেছে বাংলাদেশ, বিশেষ করে টেস্টে, তাতে এমন কথা দাবি করতেই পারেন সুজন।
বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের সমাধান আমি না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। জাতীয় দলের কোনো দায়িত্ব নিয়ে আগ্রহও নেই। গত বিশ্বকাপে আমি যা করেছি, আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না। হয়তোবা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। তো আমি আর এই কাজ করতেও চাই না।’
কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:০০