স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সর্বশেশবার ক্রিকেটবিশ্ব দেখেছে ২০১২-১৩ মৌসুমে। এরপরে দল দুটির মধ্যকার কোনো সিরিজ মাঠে গড়ায়নি। দর্শক-সমর্থকদের তুমুল আগ্রহ থাকার পরেও একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট বাদে তাদের আর দেখা হয় না। আবার কোনো ম্যাচ পাকিস্তানে হলেও সেখানে যাওয়ার আপত্তি করে ভারত। সবশেষ এশিয়া কাপেও তার নজির দেখা গেছে। উপায় না পেয়ে শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে হয়েছে।
এই জায়গা থেকে এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মূলত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করে দারুণ সাফল্য পেয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থাটি। যেখানে খেলা শেষ হওয়া পর্যন্ত দর্শক ছিল ৯০ হাজার ২৯৩ জন। এরপর থেকেই সিএ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহ প্রকাশ করে আছে। তবে এই ম্যাচের জন্য আগে দুদলকে সিদ্ধান্ত নেয়ার শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী নভেম্বর মাসে অস্ট্রেলিয়া সফর করবে ভারত ও পাকিস্তান। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে। এরপরে অস্ট্রেলিয়া-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘এমসিজিতে ভারত-পাকিস্তান যে ম্যাচটি হয়েছিল, সেটি সকলের কাছে সেরা স্মৃতি হয়ে থাকবে। ভক্তরা এরকম লড়াই দেখতে চায়। সুযোগ পেলে এখানে তাদের খেলার আয়োজন করতে চাই। আমাদের পক্ষ থেকে কিছু করার থাকলে সেটি আমরা করতে চাই।’ তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় এই লড়াই দেখা যাবে কিনা, সেটি নির্ভর করবে কেবল ভারত ও পাকিস্তানের ওপরেই।
কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০০