স্পোর্টস ডেস্ক : রোববার (১২ ফেব্রুয়ারি) ভিয়ারিয়ালেরে ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।বার্সেলোনায় যেন সুখের অভাব নেই। ক্লাবের আর্থিক অবস্থার উন্নতি, ফুটবলারদের দুর্দান্ত ছন্দ। সব মিলিয়ে ফুরফুরে একটা সময় কাটছে কাতালানদের। চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের জয়রথ ছুটেই চলেছে। একেবারেই অপ্রতিরোধ্য জাভি হার্নান্দেজের শিষ্যরা। মৌসুমের শুরু থেকে ভালো খেলে, পয়েন্ট টেবিলেও আধিপত্য বিস্তার করেছে গাভি-পেদ্রিরা।
তারুণ্য নির্ভর দল নিয়ে টানা দশ ম্যাচে জয় পেয়েছে কাতালানরা। একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কাতালানরা। ফুটবলারদের দুর্দান্ত ছন্দে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে বার্সা। এমন আত্মবিশ্বাস নিয়ে নিজেদের পরবর্তী ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার আছে সুখস্মৃতি। গেলো ৩ বছরের সাত দেখায় ছয়বারই জয়ের দেখা পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
লা লিগায় নিজেদের পরের ম্যাচে কোচ জাভি পাচ্ছেন না ফ্রেঞ্চ উইঙ্গার উসমান দেম্বেলেকে। ইনজুরির কারণে থাকছেন না সার্জিও বুস্কেটসও। তবে স্বস্তির খবরও আছে কোচ জাভির জন্য। স্কোয়াডে পাচ্ছেন দক্ষ রবার্ট লেভানদোভস্কি, গাভি, পেদ্রি, জুলস কুন্দে, রাফিনিয়া, ডি ইয়ংদের। সব মিলিয়ে বেশ ভালো ফর্মে আছে বার্সেলোনা। প্রতিপক্ষের বিপক্ষে জিতে টেবিলে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্য জাভি বাহিনীর।
এদিকে ভিয়ারিয়াল আছে টেবিলের ছয়ে। নিজেদের অবস্থার উন্নতিতে জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে তারা। ফর্মে থাকা বার্সার বিপক্ষে জিততে তাই সূক্ষ্ণ পরিকল্পনার ছকই কষবেন ভিয়ারিয়াল কোচ।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১০