আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫টি পিস্তল বহনের দায়ে ভারতীয় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে দেশটির শুল্ক কর্মকর্তারা। গতকাল বুধবার কাস্টমস কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করেন। ভিয়েতনাম থেকে তারা ফ্রান্স হয়ে ভারতে পৌঁছান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকৃত এসব পিস্তলের বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার রুপি। আটককৃত ওই পিস্তলগুলো সত্যিকারের কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। ভারতের কাউন্টার টেরোরিজম ইউনিট ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এসএসজে) পিস্তলগুলো যাচাই করে দেখছে যে এগুলো আসল কিনা।
এ ঘটনায় দুজনকে গেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজন হলেন- জগজিত সিং এবং জাসবিন্দর কৌর। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
জগজিত সিং জানান, তার ভাই তাকে দুটি ট্রলি ব্যাগ দিয়েছেন যার মধ্যে ওই পিস্তলগুলো পাওয়া যায়।
গত ১০ জুলাই ভিয়েতনাম থেকে ভারতে আসেন এই দম্পতি। এর আগে তুরস্ক থেকে তারা ২৫টি পিস্তল ভারতে এনেছিলেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ১.২৫