ডেস্ক নিউজ : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’ শীর্ষক এ আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক চিন্তার বিকাশ।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগে ৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন সুব্রত বিশ্বাস। স্কুল-কলেজ বিভাগে সমান পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রায়ান রশিদ মুগ্ধ। দুই বিভাগেই সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে আট হাজার, ছয় হাজার ও পাঁচ হাজার টাকা পুরস্কার পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান বলেন, নিয়মিত দাবা চর্চা মনোযোগ, চিন্তাশক্তি, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে সহায়তা করে। ইনার হুইল ক্লাব অব লবেলিয়ার প্রেসিডেন্ট সাজেদা আক্তার বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান বলেন, খেলাধুলা, বিনোদন ও সংস্কৃতিচর্চা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। মানসিক কষ্ট একা চেপে না রেখে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কখনো মনের মধ্যে কোনো কষ্ট চাপা রাখবে না। কারও সঙ্গে শেয়ার করলে অনেকটা হালকা হওয়া যায়।
অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ড. শোয়েব রিয়াজ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি ফারিহা সুমনাসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/রাত ১১:৩৯