স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নিকো ও’রেইলি চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্লাবে ফিরেছেন। ফলে সামনে ক্রোয়েশিয়া ও চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের ৩–২ গোলের হার দিয়ে শুরু হয়েছিল এবারের আন্তর্জাতিক বিরতি। ম্যাচটিতে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন ও’রেইলি। এরপর চোটের কারণে দলের অনুশীলনে নিয়মিত থাকতে পারেননি তিনি। চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২–০ গোলের জয়ের ম্যাচেও ছিলেন না ২১ বছর বয়সী এই ডিফেন্ডার।
ও’রেইলির চোটের ধরন নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইংল্যান্ড কোচ টমাস টুখেল অবশ্য এর আগে জানিয়েছিলেন, চোটটি গুরুতর নয়। চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগে ও’রেইলিকে নিয়ে টুখেল বলেছিলেন, ‘আমি হ্যাঁ-ও বলতে পারি না, না-ও বলতে পারি না। এটাই সত্যি। আমরা তাকে পাওয়ার জন্য সবকিছু করার চেষ্টা করব।’
তবে শেষ পর্যন্ত ও’রেইলিকে নিয়ে আর ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। তারা জানিয়েছে, আরও পরীক্ষার জন্য তিনি ম্যানচেস্টার সিটিতে ফিরে গেছেন। তার জায়গায় নতুন কাউকে দলে ডাকা হবে না।
ও’রেইলি ছিটকে যাওয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে লেফট-ব্যাকে লুইস হলের খেলার সম্ভাবনা বেড়েছে। চেকিয়ার বিপক্ষে জয়ে এই পজিশনে শুরু করে নজরও কেড়েছেন নিউক্যাসলের এই ফুটবলার।
এ নিয়ে এবারের আন্তর্জাতিক বিরতিতে টুখেলের মূল স্কোয়াড থেকে চোট বা ফিটনেস সমস্যায় ছিটকে গেলেন ছয়জন। ও’রেইলির আগে কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও তিরন লিভরামেন্টো দল থেকে সরে দাঁড়িয়েছিলেন।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১১:০০