সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হাঁসাইগাড়ি ইউনিয়নের হামড়ার বিল হতে কৃষ্ণপুর অভিমূখী খাল পাড় ও সড়কের দুই পাশে ফলদ, বনজ ও ঔষধি’র ১ হাজার চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু তার বক্তব্যে বলেন, “গাছ শুধু আমাদের পরম বন্ধু নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেনের জোগান দেয়। আমাদের দেশের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তা থেকে মুক্তি পেতে এবং নতুন প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে খাল খনন ও বনায়নের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন, আজ আমরাও সেই ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছি।
এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ হামরার বিল থেকে কৃষ্ণপুর খালের পাড় ধরে আমরা যে ১ হাজার চারা রোপণ করলাম, তা কেবল রোপণ করলেই হবে না; একে আমাদের নিজেদের সন্তানের মতো আগলে রাখতে হবে। স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোকে এই গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।
এই গাছগুলো বড় হলে এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি খালের পাড়ের মাটির ভাঙন রোধ করবে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা প্রকৌশল মাহবুব রহমান, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা ছাত্র দলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, সাবেক সভাপতি জাকারিয়া হোসেন জাকির প্রমূখ সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/রাত ৮:০০