ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে সুপার ওভার পর্যন্ত টেনে নেওয়া লড়াইয়ের শেষটা হলো হতাশারই। পাকিস্তান ‘এ’-র কাছে শিরোপা হাতছাড়া হলেও ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাষী ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। ব্যর্থতার দায় এড়িয়ে না গিয়ে তিনি সরাসরি বললেন, ম্যাচ হারার মূল কারণ নিজেদেরই ব্যাটিং ভুল। ফাইনালে হারের পর আকবর বলেন, ‘বিশ্বাস আমাদের ছিলই। কিন্তু শট নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। দোষারোপ করলে শুধুই নিজেদেরই করব। এমন উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা সহজ নয়, এটা আমরা জানতাম। স্পিনারদের বিপক্ষে লড়াইয়ে জিততে হত, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি।


























