আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের পারমাণবিক মজুত জোরদার করার অঙ্গীকার করার কয়েকদিন পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে ছোড়া হয়েছে। ৩৬০ কিলোমিটার ওড়ার পর কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী অঞ্চলে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্রগুলো।
দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তীব্র নিন্দা জানাই যা একটি সুস্পষ্ট উসকানি। এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপের মাধ্যমে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে উত্তর কোরিয়া।’
কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা সুনির্দিষ্ট করে জানায়নি দক্ষিণ কোরিয়া। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এদিকে সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু দূতরা ফোনে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং এই আচরণকে জাতিসংঘের প্রস্তাবের লংঘন বলে অভিহিত করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার যেকোনো উসকানিমূলক আচরণের জবাব দেয়ারও অঙ্গীকার করেছে দেশগুলো।
এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১২:০৫