আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ( ২৭ জুলাই) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, দেইর আল বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরাইলের বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।
এদিকে, এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, তারা গাজার খাদিজা স্কুলের ভেতর হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলাটি চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয় স্কুলটি হামাসের ঘাঁটি ও অস্ত্রের ভাণ্ডার হিসাবে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া সেখান থেকেই ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হত বলেও জানায় ইসরাইল।
স্কুলটিতে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়েছিল বলেও বিবৃতিতে বলা হয়। এর আগে আল-বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া মিশরের সীমান্তবর্তী রাফাহ শহরের একটি বাড়িতে আরেকটি হামলায় চারজন নিহত হন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১২