ডেস্ক নিউজ : গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কখনই হস্তক্ষেপ করবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবাদমাধ্যম স্বাধীন। সত্য ঘটনা তুলে ধরার জন্য এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এর স্বাধীনতায় সরকার কখনোই হস্তক্ষেপ করবে না। তবে ভুয়া খবর ছড়ানোর প্রতিরোধের লক্ষ্যে আরও আইন প্রণয়ন করা হবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ সব কথা বলেন।
অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের আওতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরও অনলাইন নিউজপোর্টালকে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) প্রায় ২০৮টি অনলাইন নিউজপোর্টাল এবং ১৬৮টি অনলাইন নিউজপোর্টালকে দৈনিক সংবাদপত্রের নিবন্ধন সনদ প্রদান করেছে।
একই সময়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২১৩টি অনলাইন নিউজপোর্টাল, ১৯৬টি দৈনিক সংবাদপত্রের অনলাইন পোর্টাল এবং ১৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধনের আওতায় আনার অনুমতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৫৪