স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি পুমা। জনপ্রিয় এই ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আছে বিশ্বের নামকরা সব খেলোয়াড়দের। তাদের মধ্যে অন্যতম আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ সু্পারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৭ সালে তাদের পথে হাঁটেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও। ১১০ কোটি টাকায় পুমা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেন তিনি।
কোহলির সঙ্গে চুক্তির পর পুমা ভারতের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ড হয়ে ওঠে। ৭ বছর পুমার সঙ্গে এই যাত্রায় ব্র্যান্ডটিকে নানাভাবে প্রমোট করেছেন বিরাট। জার্সি, বুট, অন্যান্য ক্রীড়া সামগ্রী নিজে ব্যবহার করে উৎসাহ যুগিয়েছেন অন্যদেরও। তবে এবার পুমার সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই ভারতীয় ক্রিকেটার, এমনটাই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের খবর, পুমা ছেড়ে এজিলিটাস স্পোর্টসের সঙ্গে যাত্রা শুরু করতে যাচ্ছেন কোহলি। এই কোম্পানির সঙ্গে চুক্তিতে কোহলি শুধু আর্থিকভাবেই যে লাভবান হবেন তা নয়, কোম্পানিটির শেয়ারও পাবেন তিনি। তবে পুমার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালান বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।
এজিলিটাস স্পোর্টস মূলত পুমা ইন্ডিয়ার সাবেক ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলির ব্র্যান্ড। ২০২৩ সালে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। ভারতের বাজার ধরতে কোহলির সঙ্গে চুক্তি করতে উঠেপড়ে লেগেছে এজিলিটাস স্পোর্টস। গেল এক বছরের যাত্রায় ভারতের বাজার থেকে ১০০ কোটি টাকা ব্যবসা করেছে এই প্রতিষ্ঠানটি। এবার ভারতের গণ্ডি ছাপিয়ে বিশ্বব্যাপী ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লড়াইয়ে নামতে চায় তারা।
কোহলির আগে ২০১৮ সালে নাইকির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন টেনিস সুপারস্টার রজার ফেদেরার। এরপর তুলনামূলক কম জনপ্রিয় জাপানিজ ব্র্যান্ড ইউনিকুলোর সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। এবার ব্র্যান্ডভ্যালুর চিন্তা না করে কোহলিও হাঁটতে চলেছেন একই পথে। কোহলির সঙ্গে যাত্রা শুরু করে এবার ভারতের বাজার বাড়াতে মরিয়া এজিলিটাস।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:০৫