স্পোর্টস ডেস্ক : গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল অস্ট্রেলিয়া। নতুন বছরের শুরুতে ফুটবলেও অসি-দুঃখ ঘুচল না ভারতের।
শনিবার কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ভারতকে ২-০ গোলে হারিয়ে এশিয়ান কাপ অভিযান শুরু করেছে ফিফা র্যাংকিংয়ের ২৫ নম্বর দল অস্ট্রেলিয়া। শক্তিতে অনেক এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে প্রথমার্ধে আটকে রাখতে পারলেও শেষ রক্ষা হয়নি র্যাংকিংয়ে ১০২ নম্বরে থাকা ভারতের।
দ্বিতীয়ার্ধে জ্যাকসন আরভিন ও জর্ডান বোসের গোলে জয়ের হাসিতে মাঠ ছাড়ে অসিরা। টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি ভারত এরআগে দুবার এশিয়ান কাপে খেলেছে। দুবারই তারা বিদায় নেয় গ্র“পপর্ব থেকে।
এদিকে শুক্রবার রাতে আসরের উদ্বোধনী ম্যাচে লেবাননকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। ২০২২ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে কাতারের দাপুটে জয়ে জোড়া গোল করেন আকরাম আফিফ।
কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৫২