ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ। শনিবার জাবির ষষ্ঠ সমবর্তনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইদানীংকালে পত্রপত্রিকা খুললেই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজির খবর।
বেশিরভাগ ক্ষেত্রেই উপাচার্য ও শিক্ষকদের সংশ্লিষ্টতার খবরই বড় করে ছাপা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সামাজিক মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু কতিপয় ব্যক্তির অপকর্ম ও অদক্ষতা গোটা শিক্ষক সমাজের মর্যাদাকে স্লান করেছে। এছাড়া ছাত্র-শিক্ষকের সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে।
আমি আশা করব, আমাদের সম্মানিত শিক্ষক সমাজ বিষয়টি ভেবে দেখবেন। নিজেদের দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে রাখবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তবুদ্ধির চর্চা করেন। এখানে তারা রাজনীতির অনুশীলন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণও করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনীতি প্রত্যাশিত। আমি শিক্ষক-শিক্ষার্থীদের দলীয় লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে রাজনীতি করার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।
এবারের সমাবর্তনে ১৫ হাজার ২১৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন বক্তা হিসাবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গ্র্যাজুয়েটদের উদ্দেশ বলেন, প্রতিটি উদ্ভাবনের পেছনেই রয়েছে অসংখ্য ব্যর্থতা। চলার পথে জীবন সব সময় সূর্যের মতো দীপ্তমান হয় না। হতাশা আসতেই পারে। প্রচণ্ড সাহস নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।