বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে মঙ্গলবার রাতে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ ম্যাচ জিতলে ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে ভারতের। আর হেরে গেলে, ভারতের ফাইনালে খেলার সম্ভাবনাটা অনেকাংশেই শেষ হয়ে যাবে। 

অন্যদিকে, ভারতকে হারাতে পারলে ফাইনালে এক পা দিয়ে রাখবে শ্রীলঙ্কা। শারজায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সেরা দল হয়েই সুপার ফোরের টিকিট পায় ভারত। চিরপ্রতিন্দ্বন্দী পাকিস্তান ও হংকংকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। তবে, সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় রোহিতের দল।

রোববার রাতে চিরপ্রতিন্দ্বন্দী পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে তারা। বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পেয়েছিলো ভারত। ৪৪ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। 

জবাবে ওপেনার মোহম্মদ রিজওয়ানের দুর্দান্ত লড়াকু ইনিংসের সঙ্গে মিডল-অর্ডারে মোহাম্মদ নওয়াজের বিস্ফোরক ব্যাটিংয়ে ভারতকে ৫ উইকেটে হারের স্বাদ দেয় পাকিস্তান। রিজওয়ান ৫১ বলে ৭১ ও নওয়াজ ২০ বলে ৪২ রান করেন। 

নওয়াজের ৪২ রানের ওই ইনিংসটিই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আর শেষদিকে ভারতের আর্শদীপ সিংয়ের হাতে জীবন পেয়ে ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ে ভূমিকা রাখেন আসিফ আলি।

তবে নওয়াজের ইনিংসটিই ম্যাচের নিষ্পত্তি করেছে বলে মনে করেন কোহলি। সাবেক এই অধিনায়ক বলেন, ‘নওয়াজের ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। নওয়াজ যদি ১৫-২০ রানের ইনিংস খেলতো, তা লে কিছু হতো না। কিন্তু সে ৪২ রানের ইনিংস খেলেছে। এ রকম একটা ইনিংস ম্যাচে প্রভাব ফেলতে বাধ্য। বিশেষত এ রকম টানটান ম্যাচে। তার ইনিংস থেকেই আমাদের উপর চাপ শুরু হয়।’

তবে পরের ম্যাচেই ভারত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। শেষ দুই ম্যাচের দারুণ দু’টি পেয়েছে তারা। আমাদের এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’

অন্যদিকে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিলো শ্রীলঙ্কা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিলো শানাকা বাহিনী। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে নাটকীয় জয় দিয়ে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুড়ে দেয়া ১৮৪ রানের স্পর্শ করে ফেলে তারা।

সুপার ফোরেও দেখা যায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাকে। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হারের প্রতিশোধ নেয় লঙ্কানরা। আফগানদের ১৭৬ রানের টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে জয় পায় শানাকার দল। এবার ভারতের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া লঙ্কানরা। 

দলের স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা বলেন, ‘শেষ দুই ম্যাচের জয় আমাদের দলের মনোবল চাঙ্গা করে দিয়েছে। তাই শক্তিশালী ভারতকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। নিজেদের সেরাটা খেলতে পারলে, জয় অসম্ভব কিছুই না।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এরমধ্যে ১৭ বার জিতেছে ভারত। ৭ বার জয় আছে শ্রীলঙ্কার। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

গত ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিলো দু’দল। ভারতের মাটিতে তিন ম্যাচের ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।

তবে এশিয়া কাপের ভারত-শ্রীলঙ্কার জয়-পরাজয় সমান-সমান। ২০ ম্যাচের মধ্যে সমান ১০ বার করে জয় পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া আসরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছিলো ভারত। 

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: 
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, আসিথা ফার্নান্দো। 

ভারতের সম্ভাব্য একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং/আভেশ খান, রবি বিষ্ণই, যুজবেন্দ্রা চাহাল।

কিউএনবি/অনিমা/০৬.০৯.২০২২/সন্ধ্যা ৬.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit