আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত দেশটির অভ্যন্তরে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করে, গত ১০ সেপ্টেম্বরের পর থেকে চলমান সংঘাত থেকে জীবন বাঁচাতে অন্তত ৩৭০০ ইয়েমেনি সমুদ্র পেরিয়ে পাশ্ববর্তী দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
সংঘাতের কারণে সাধারণ মানুষের হতাহতের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৬ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে সহিংসতায় অন্তত ৯৫৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪২০৭ জন।
যুদ্ধ পরিস্থিতির মাঝেই দেশটিতে দেখা দিয়েছে তীব্র স্বাস্থ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, শেষ তিন সপ্তাহে ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি শনাক্ত হওয়া কলেরা রোগীদের শতকরা ৯৪ ভাগই সবচেয়ে বেশি বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া পাঁচটি গভর্নরেটের বাসিন্দা, যার মধ্যে তায়েজ, এডেন ও আবিয়ান অন্যতম।
ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বাস্তুচ্যুত মানুষের অবস্থান ও স্বাস্থ্যসেবার অভাবে ইয়েমেনের এই এলাকাগুলোতে মহামারী আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩০