খোরশেদ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতা-কর্মী নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে তাঁদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে। সংঘর্ষের একপর্যায়ে গুলিতে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। এসময় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
তারা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৫