আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আব্দুল হাই।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরানী এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহর নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে, পাড়াগ্রাম, আমতলা বাজার, শিমুলিয়া, রাংগামাটি ও গোহাইলবাড়ি হয়ে দুপুরে কলতাসূতিতে এসে শেষ হয়।
এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের যেকোনো ধরণের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিজেদের অবস্থানের কথা জানান তারা। আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল হাইয়ের নেতৃত্বে আয়োজিত এ শোডাউনে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় আব্দুল হাই বলেন, আশুলিয়ায় আওয়ামী লীগের যেকোনো ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে আমরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছি। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়া শিমুলিয়া অঞ্চলে যেকোন মাদক, সন্ত্রাসী কর্মকান্ডও প্রতিহতের ঘোষণা দেন তিনি।
এদিকে, আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি। এসময় বিএনপি নেতা মো: আবুল বাশার বাদশা, শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুল হালিম, সোহাগ হোসেন সহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অংগসংঘঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী শোডাউনে অংশগ্রহণ করেন।