শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’ ২০৩১ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ব্রাহিম দিয়াজ দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ওসমান ফারুকের আসনে বিএনপির পাঁচ নেতার মনোনয়ন লড়াই, জামায়াতের একক প্রার্থী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন ঘিরে বিএনপির প্রবীণ ও নবীন নেতাদের মধ্যে জমজমাট মনোনয়ন লড়াই শুরু হয়েছে। অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী একক প্রার্থী হিসেবে মাঠে নামছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দলটির কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খান এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে কিশোরগঞ্জ-৩ সংসদীয় নির্বাচনি এলাকা গঠিত। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ড. এম ওসমান ফারুক।

জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগ্নে এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। দীর্ঘদিন ধরে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৮৮ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) হন তিনি। বর্তমানে দলটির নীতিনির্ধারণী ফোরাম ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সরকারি দল বিএনপি এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি। হঠাৎ করে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পদত্যাগে পাল্টে গেছে জেলার গুরুত্বপূর্ণ এ আসনের সব হিসাব-নিকাশ। এ পরিস্থিতিতে দলীয় মনোনয়ন পাওয়াকেই সংসদ সদস্য হওয়ার প্রধান নিয়ামক ও চাবিকাঠি মনে করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা।

এই সমীকরণ সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে বিএনপির অন্তত পাঁচজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলের শীর্ষ নেতৃত্বের সমর্থন আদায়ের চেষ্টা ছাড়াও মাঠপর্যায়ে গণসংযোগ ও বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে নির্বাচনমুখী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার নাশকতার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নামে দলীয় প্রার্থিতা জানান দেওয়ার সুযোগ নিচ্ছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। এসব কর্মসূচিতে ব্যাপক শোডাউন, মিছিল-সমাবেশ ও গণসংযোগ করছেন তারা।

বিএনপির পাঁচ মনোনয়নপ্রত্যাশী হলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. এরশাদ আহসান সোহেল এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন।

তাদের মধ্যে জাহাঙ্গীর আলম মোল্লা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনেও জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মোহাম্মদ গাউস ও ভিপি সাইফুল ইসলাম সুমন দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে শক্ত অবস্থানে ছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত এ আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে হেভিওয়েট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এ কারণে এবারের উপনির্বাচনেও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে পুনরায় আলোচনায় উঠে এসেছেন তারা।

এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি জালাল মোহাম্মদ গাউসকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তখন বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন করিমগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ এমপির বড় ছেলে এবং করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন।

তবে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী শিক্ষাবিদ ও কৃষিবিদ ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। ফলে জালাল মোহাম্মদ গাউস ও ভিপি সাইফুল ইসলাম সুমন দুজনকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়।

বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার জন্য দুজনই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে ড. এম ওসমান ফারুককে দলীয় প্রার্থী করার পর তার পক্ষে নির্বাচনে জালাল মোহাম্মদ গাউস ও ভিপি সাইফুল ইসলাম সুমন দুজনই সরব ভূমিকা রেখেছেন। অন্যদিকে, জাহাঙ্গীর আলম মোল্লার ভূমিকা অনেকটা নিষ্প্রভ ছিল।

ইতোমধ্যে ভিপি সাইফুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মোহাম্মদ গাউস, ডা. মো. এরশাদ আহসান সোহেল এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন পৃথকভাবে শোডাউন করে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিয়েছেন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জের বর্তমান-৩ ও সাবেক-৪ আসনে ড. মোহাম্মদ ওসমান ফারুক ছাড়া অন্য কেউ বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার নজির নেই। তিনি অতীতের সব রেকর্ড ভেঙে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিজয়ী হন।

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ আসনে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও কবীর উদ্দিন আহমেদ এবং ১৯৮৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে ড. ওসমান ফারুকের বাবা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. মোহাম্মদ ওসমান গণি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।

এবারের উপনির্বাচনে ড. ওসমান ফারুকের অনুপস্থিতিতে বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক অধ্যাপক ডা. জিহাদ খান। এ পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটব্যাংক বহুধাবিভক্ত হয়ে বিএনপির প্রার্থীকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit