ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহনে ধাক্কা দেয়।
রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সড়কে ছিটকে পড়ার পর উড়োজাহাজটি কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং পথে থাকা ‘একাধিক যানবাহনে’ আঘাত করে। আগুন নেভানো এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবস্থা যাচাই করতে ৬০টির বেশি ফায়ার ও রেসকিউ ইউনিট কাজ করেছিল।
তবে দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই–কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, রোববার মিয়ামির স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড়াল দিয়েছিল।
এফএএ আরো জানায়, অবতরণের সময় কার্গো উড়োজাহাজটি পাশের সড়কে ছিটকে পড়ে। এ সময় সেটি ওই সড়কে থাকা ‘একাধিক’ গাড়িতে আঘাত করে। পরে সেটিতে আগুন ধরে যায়।
কার্গো উড়োজাহাজটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল, তা এখনো জানা যায়নি।
অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেছেন, ঠিক কী ঘটেছে, তা জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ আর কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।
এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রানওয়ের কাছে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। অবশ্য আগুন লাগলেও বিমানটির বড় অংশ অক্ষত ছিল বলে দেখা গেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী বিমানটি দুই দশকেরও বেশি সময় যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়েছে। পরে ২০১৫ সালে এটিকে কার্গো বিমান হিসেবে ব্যবহারের উপযোগী করে নেয়া হয়।
কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:২৫