সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” এ শ্লোগানে নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ হাত ধোয়া দিবস পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল প্রকৌঃ মাহমুদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন , দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাফর আলী শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মানুষের শরীরের অধিকাংশ রোগজীবাণু ছড়ায় আমাদের এই হাতের মাধ্যমে। আমরা অবচেতনভাবেই হাত দিয়ে অসংখ্য নোংরা বা জীবাণুযুক্ত বস্তু স্পর্শ করি এবং সেই হাত দিয়ে খাবার গ্রহণ বা মুখমণ্ডল স্পর্শ করার মাধ্যমে রোগজীবাণুকে শরীরে প্রবেশের পথ তৈরি করে দিই।
সেজন্য নিয়মিত ও সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে আমাদের শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ও বিভিন্ন ধরণের মারাত্মক সংক্রামক রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে পারে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী করা হয়। এর আগে প্রধান অতিথি ফেস্টন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০