ডেস্ক নিউজ : জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা সদর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যান রাজু (১৪) ও তাঁর মা লাকী আক্তার (৪০)। আহত হন রাজুর দাদি বুলি বেগম। অন্যদিকে বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ উপজেলার পুরাতন রেললাইন এলাকায় একটি বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু তা মেরামতের চেষ্টা করে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা লাকী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে নাতি ও পুত্রবধূকে বাঁচাতে এগিয়ে গেলে দাদি বুলি বেগমও আহত হন।
অন্যদিকে, ক্লাসের বিরতিতে বাইরে খেলতে যাওয়ার পর ছুটির শেষে বই আনতে শ্রেণিকক্ষে যায় তায়িব। এ সময় ভবনের ছাদসংলগ্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক পৃথক ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:১৬