আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই হামলায় জখম হওয়া আরও ৬৮ জনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে সিরিক কাউন্টির কুহেস্তাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হরমোজগানের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আহমদ নাফিসি জানান, একটি বাড়িতে পরিবারের সদস্যরা যখন বিয়ের উৎসবে মেতে ছিলেন, সেই সময়ই মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
হরমোজগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।
ইরানি কর্মকর্তারা বলছেন, বিয়ের অনুষ্ঠানের সময় একটি আবাসিক বাড়িতে হামলার ঘটনা বেসামরিক মানুষের ওপর হামলার ঝুঁকিকে সামনে এনেছে। হামলায় নারী ও শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছেন।
এদিকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পুনরায় সামরিক অভিযান শুরুর বিষয়টি জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে এবং ওই অঞ্চলে মার্কিন সেনাদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এসব হামলা চালানো হয়েছে। মার্কিনরা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।
বিয়ের অনুষ্ঠানের সময় আবাসিক এলাকায় হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে। হামলার প্রতিশোধ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিকের হামলার জবাবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প টিটিনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে, এই হামলা ছিল সিরিকের বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার প্রতিশোধ।
এছাড়া ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্বার্থে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় গিয়ে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: ওয়ানা নিউজ এজেন্সি, বিবিসি, ডেইলি সাবাহ
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৮:৩৩