শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ স্ট্রাইকার রোমেলু লুকাকুর বুটের সজোরে আঘাত লেগেছিল বুকে। ব্যথায় মাঠে বেশ কিছুক্ষণ নিথর হয়ে পড়েছিলেন। কিন্তু সেই চোটকে জয় করে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে যা করলেন ৩৩ বছর বয়সী আলিরেজা বেইরানভান্দ, তা ফুটবল বিশ্বকাপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারকাখচিত বেলজিয়ামের ২৩টি শটের ঝড় একাই সামলে ইরানকে এনে দিলেন ঐতিহাসিক এক পয়েন্ট।

রবিবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য (০-০) ড্র হয়েছে। আর এই ড্রয়ের মূল কারিগর ইরানের বাজপাখি বেইরানভান্দ, যিনি ম্যাচ জুড়ে বেলজিয়ামের নিশ্চিত সব আক্রমণ নসাৎ করে দিয়ে হয়েছেন ম্যাচ সেরা (MOTM)।

ম্যাচের শুরুতে চোট, এরপর বেইরানভান্দ ম্যাজিক
ম্যাচের শুরুতেই কেভিন ডে ব্রুইনের একটি বিপজ্জনক ক্রসে স্লাইড করতে যান বেলজিয়ামের রেকর্ড স্কোরার রোমেলু লুকাকু। বল গ্লাভসবন্দী করতে এগিয়ে আসা বেইরানভান্দের বুকে সজোরে আঘাত করে লুকাকুর পা। মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এই অভিজ্ঞ গোলরক্ষক। আর সুস্থ হয়েই পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান তিনি।

পুরো ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২৩টি শট নেয় বেলজিয়াম। এর মধ্যে অন-টার্গেট বা লক্ষ্যে থাকা ৭টি শটের সবকটিই অবিশ্বাস্য দক্ষতায় সেভ করেন বেইরানভান্দ। বিশেষ করে ম্যাচের ১১ মিনিটে মাক্সিম ডি কাইপারের শট ঠেকানো, প্রথমার্ধের শেষ দিকে ডি কাইপারের ভলি রুখে দেওয়া এবং ৬০ মিনিটে মাটিতে পড়ে থাকা অবস্থাতেও এক হাতে ডি কাইপারের নিশ্চিত গোল বাঁচানো ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা গোলকিপিং দৃশ্য। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আবারও ডি কাইপারের জোরাল শট ঝাঁপিয়ে আটকে ইরানের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন তিনি। গোলকিপিংয়ের পাশাপাশি ১১টি নিখুঁত লং বল এবং ৩টি হাই ক্লেইম করে ডিফেন্সকে পূর্ণ ভরসা জোগান এই তারকা।

দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই ও লাল কার্ডের ধাক্কা
ম্যাচে অবশ্য দুই দলের গোলরক্ষকই দারুণ পরীক্ষা দিয়েছেন। ১৪ ও ৫৩ মিনিটে ইরানের তারকা মেহদি তারেমির দুটি নিশ্চিত ও জোরাল শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন বেলজিয়ামের রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ম্যাচের ২৫ মিনিটে এহসান হাজিসাফির ফ্রি-কিক থেকে মেহদি তারেমি বল জালে পাঠালেও ভিএআরের (VAR) সাহায্যে অফসাইডের কারণে তা বাতিল হয়।

ম্যাচের ৬৬ মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। শেষ ডিফেন্ডার হিসেবে ব্যাক-পাস দিতে গিয়ে ভুল করে বসেন নাতাঁ উঙ্গয়। বল কেড়ে নেওয়া তারেমিকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বাকি সময় একজন কম নিয়ে খেললেও ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম।

‘জি’ গ্রুপের সমীকরণ ও নকআউটের সম্ভাবনা
চলতি আসরে মিসরের বিপক্ষে ১-১ ড্রয়ের পর এটি বেলজিয়ামের টানা দ্বিতীয় ড্র। সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ ৪ ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা (৩ ড্র, ১ হার)। অন্যদিকে, নিউ জিল্যান্ডের সাথে ২-২ ড্রয়ের পর বেলজিয়ামকে রুখে দিয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইরান। সমান ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। এক ম্যাচ খেলা নিউ জিল্যান্ড ও মিশরের পয়েন্ট ১ করে।

আগামী শনিবার সকালে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে দলগুলো। যেখানে বেলজিয়াম খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ইরান মুখোমুখি হবে মিশরের। অতীতে কখনও বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে না পারা এশিয়ান পরাশক্তি ইরানের সামনে বেইরানভান্দের হাত ধরে এবার ইতিহাস গড়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৬,/সকাল ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit