তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আমি এখন পথের ফকির হয়ে গেলাম। আমার জমানো টাকা দিয়ে একটি মুদিদোকান করেছিলাম। এই দোকানের আয় দিয়েই আমার সংসার চলতো।
এক রাতেই আমার সকল স্বপ্ন মাটি হয়ে গেলো। কেঁদে কেঁদে এ কথা গুলো বলছিলেন দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ধানীপাড়া গ্রামের মুদিদোকানী মো. আজিজুল হক (৩৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে।
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের কাছে আজিজুল হক বলেন, আমার এক ছেলে এবং এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিলো আমার। কিন্ত শুক্রবার গভীর রাতে দোকানে আগুন লেগে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব। এলাকাবাসীর সহায়তায় থানায় ডায়েরী করেছি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ধানীপাড়া এলাকার ব্রীজ সংলগ্ন অজয় চন্দ্র সাহার একটি দোকানঘর ভাড়া নিয়ে গত দেড় বছর যাবৎ মোদিদোকান করে যাচ্ছে আজিজুল হক। নিরাপত্তার স্বার্থে প্রায় প্রতিদিন রাতেই ওই দোকানে রাতে থাকতেন তিনি। অসুস্থতার দরুন ওইদিন দোকানে থাকতে পারেননি তিনি।
ঘটনার দিন (শুক্রবার) গভীর রাত অনুমান ০১ ঘটিকার সময়, কিছু অজ্ঞাতনামা ব্যক্তি পূর্বশক্রার জের ধরে ওই মুদিদোকানে পেট্রোল ঢেলে আগুন ধরাইয়া দেয়। এতে দোকানে থাকা সব মালামালই পুড়ে যায়। আশপাশের লোকজন পানি নিয়ে আগুন নেভাতে আসতে আসতেই সব পুড়ে ছাঁই হয়ে যায়।
এনিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মন্নান বলেন, আজিজুল খুব ভালো ছেলে। তারসাথে কারো কোনপ্রকার ঝগড়া বিবাদ নাই। অল্প সময়ের মধ্যে দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। দোকানে প্রায় সাড়ে তিনলক্ষ টাকার মালামাল ছিলো। আজিজুলের দোকানে পেট্রল ঢেলে আগুন লাগাতে পারে বলে আমরা মনে করছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।
আজিজুল হক বলেন, আমার জীবনের সব জমানো টাকা দিয়ে দোকানটি সাজিয়ে ছিলাম। বড় একটি ফ্রিজ কিনেছিলাম। দোকানে কিছু নগদ টাকাও ছিলো। আমার জানামতে কারোসাথে আমার কোন বিরোধ নাই। কিন্ত মুদিদোকান দিয়ে আমি একটু ভালোভাবে চলতে পারছি, এগুলো অনেকেরই সহ্য হচ্ছিলো না। তাই আমার সাথে শত্রুতা করে আমার দোকানে আগুন লাগাতে পারে বলে ধারনা করছি।
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করেছি। পুলিশ প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, মুদিদোকান পুড়ে যাওয়ার ঘটনাটি তদন্ত সাপেক্ষে জরুরী আইনানুগ ব্যবস্থা গ্রহন করুন। সেইসাথে উপজেলা প্রশাসন ও স্থানীয় এমপি ব্যারিস্টার সারের কাছে জোর আবেদন আমাকে একটু সহায়তা করুন।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩