ডেস্ক নিউজ : গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে জানিয়েছে থানা-পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এর জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ২ পক্ষ থেকে প্রায় ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আমরা শুনেছি ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছিল। তবে আমরা ঘটনাস্থলে যাইনি। পরে নাকি তারা মিটমাট হয়ে গেছে নিজেরা নিজেরা। আমরা কোনো আইনি পদক্ষেপ নেইনি।
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১১:৩১