শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার মোরশেদ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গোলাম সারোয়ার মোরশেদ উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য। স্বজনরা জানান – গোলাম সারোয়ার মোরশেদ এর নামে কোনো মামলা ছিলোনা।
আজ সোমবার দুপুরের দিকে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান – চলতি (নভেম্বর) মাসের ১১তারিখে মোহনগঞ্জ থানায় দায়ের করা মামলায় আজ সোমবার বেলা আনুমানিক ১২টার সময় মোহনগঞ্জ পৌর শহরের শেখ বাড়ী থেকে গোলাম সারোয়ার মোরশেদ’কে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা। দুপুরের দিকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়।
এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এরআগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নূরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান সেলিম ও যুবলীগ নেতা গোলাম রব্বানীসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে গতকাল রোববার নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক’কে রাজনৈতিক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৫