স্পোর্টস ডেস্ক : নতুন ফুটবল টুর্নামেন্ট ‘বসুন্ধরা হাউজিং ডিএনসিসি কাপ’ থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তার বিশ্বাস, এই টুর্নামেন্টে ভালো করা খেলোয়াড়দের নিয়েই ভবিষ্যতে জাতীয় দল গঠন করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে টুর্নামেন্টটির গুরুত্ব তুলে ধরেন বাফুফে সভাপতি। তিনি বলেন, আগে ‘পাইওনিয়ার লিগ’ থেকেই অনেক ফুটবলার উঠে এসেছেন। পরে তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ পেরিয়ে প্রিমিয়ার লিগ এবং সর্বশেষ জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তারা।
সেই ধারাবাহিকতার কথা উল্লেখ করে তাবিথ বলেন, আমি নিশ্চিত, আগামী টুর্নামেন্ট থেকে যাদের প্রতিভা আছে, তাদের নিয়ে আমরা আগামীতে জাতীয় দলও গঠন করতে পারব।
টুর্নামেন্টে অংশ নেওয়া সব জোনের ছেলে ও মেয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান বাফুফে সভাপতি। পাশাপাশি নেপথ্যে থেকে কাজ করা কোচ, রেফারি, মাঠকর্মী ও দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এমন আয়োজনের প্রশংসা করে মাঠে এসে খেলা উপভোগ এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানান তাবিথ। নিজেও মাঠে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেন।
খেলাধুলার সামাজিক ও স্বাস্থ্যগত গুরুত্বও তুলে ধরেন বাফুফে সভাপতি। তার মতে, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে ক্রীড়ার সরাসরি সম্পর্ক রয়েছে। সুন্দর পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলা অত্যন্ত জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে একটি বাসযোগ্য সুন্দর শহর ও সুনাগরিক গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক ও ঢাকা উত্তরের কনভেনার শফিকুল ইসলাম মিল্টনকে আন্তরিক ধন্যবাদ জানান তাবিথ। তার নেতৃত্বে শহরটি দ্রুত বদলে যাবে এবং সেখান থেকে ভবিষ্যতে অনেক ক্রীড়াবিদ উঠে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি।
কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪৪