শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও পুরনো দলে ফিরলেন কলকাতার সাবেক মেয়র ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি।

সোমবার (৩ নভেম্বর) কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তাদের দলে ফেরান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এসময় উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরীয় পরিয়ে শোভন ও বৈশাখীকে দলে স্বাগত জানানো হয়।

সংবাদ সম্মেলনে অরূপ বিশ্বাস বলেন, “মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এবং তৃণমূল কংগ্রেসে ফেরার জন্য তারা আবেদন করেছিলেন। দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনক্রমে আজ তারা দলে ফিরে এসেছেন। আমাদের ঘরের ছেলে শোভন আজ ঘরেই ফিরলেন।”

দলে ফেরার পর শোভন চট্টোপাধ্যায় বলেন, “আমার ধমনী বা শিরা যদি বলেন—সেটা তৃণমূল কংগ্রেস। আজ আমি নিজের ঘরে ফিরেছি। আগামী দিনে রাস্তায় নেমে দলের জন্য কাজ করব এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা সর্বোচ্চ নিষ্ঠায় পালন করব।”

দিনের শেষে শোভন ও বৈশাখী কালীঘাটে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর সঙ্গে দেখা করেন।

২০১৭ সাল থেকে ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেন শোভন চট্টোপাধ্যায়। তিনি মেয়র ও মন্ত্রিত্ব ছাড়ার পর ২০১৮ সালের নভেম্বরে দল ত্যাগ করেন এবং ২০১৯ সালের আগস্টে বৈশাখী ব্যানার্জিকে নিয়ে যোগ দেন বিজেপিতে। তবে বিজেপিতে তেমন সক্রিয় ভূমিকা রাখতে না পারায় তারা পরে রাজনীতি থেকে দূরে সরে যান।

সম্প্রতি উত্তরবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শোভনের সাক্ষাতের পরই তার দলে ফেরার জোর জল্পনা শুরু হয়। গত মাসে তাকে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। সোমবারের আনুষ্ঠানিকতায় সেই প্রত্যাবর্তন সম্পন্ন হলো।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit