রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

দুর্গাপূজার মধ্যে বৃষ্টি হবে কি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু। পূজার একধরনের আনুষ্ঠানিকতা তখনই শুরু হয়েছে। আগামী রোববার মহাষষ্ঠী। পরদিন সোমবার মহাসপ্তমীতে মূল উৎসব শুরু। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব। 

আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব। এরই মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যা আজই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। লঘুচাপ হওয়ার পর এর প্রভাবে সাধারণত বৃষ্টি হয়।

পূজার মধ্যে আবহাওয়া কেমন থাকবে, সে সম্পর্কে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, লঘুচাপটি মূলত অবস্থান নিয়েছে ভারতের ওডিশা উপকূলে। এটি নিম্নচাপে পরিণত হলে এর প্রভাব বাংলাদেশের উপকূলে কিছুটা পড়তে পারে। তবে দেশের বেশির ভাগ স্থানে এর প্রভাব ততটা না–ও পড়তে পারে।

ওডিশা উপকূলে চলতি মাস এবং গত আগস্ট মাসেও কয়েকটি লঘুচাপ হয়েছে। তবে সেগুলোর প্রভাব তেমন বাংলাদেশের উপকূলে পড়েনি। তবে এবার বিশেষ করে খুলনা ও বরিশাল অঞ্চলে লঘুচাপের প্রভাব ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল শনিবার দেশে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই অবস্থা সোমবার (২৯ সেপ্টেম্বর) ও থাকবে। তবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেদিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে দক্ষিণাঞ্চলে ভারি বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী রোববার অর্থাৎ দুর্গাপূজার ষষ্ঠী থেকে পরের দুই দিন আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের কোনো কোনো স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

তিনি বলেন, ১ অক্টোবর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে দশমীর দিন অর্থাৎ ২ এবং পরদিন ৩ অক্টোবর বৃষ্টি অনেকটাই বাড়তে পারে। ২ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী বিভাগ বাদ দিয়ে দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। কারণ ২ তারিখ থেকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় হওয়ার সম্ভাবনা বেশি। আগামী বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit