আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, সুনির্দিষ্ট কয়েক দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি তিনি আশা করছেন না বরং তিনি চেয়েছেন এটা দ্রুত হোক।
রাশিয়ান ও ইউক্রেনের মধ্যকার চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা আলোচনা করছি যে মানুষ মারা যাচ্ছে। আমরা তা বন্ধ করতে চাই। এখন কোন কারণে কোন একটি পক্ষ এটিকে জটিল করলে আমরা শুধু বলবো তোমরা বোকা, তোমরা গর্দভ, তোমরা ভয়ানক এবং আমরা সরে দাঁড়াচ্ছি।’
ট্রাম্প প্রশাসন শুরুতে এই চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এ বিষয়ে দু পক্ষকেই দোষারোপ করছে।
ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অগ্রগতির সুস্পষ্ট লক্ষণ না দেখলে যুক্তরাষ্ট্র এই আলোচনা বাদ দিবে বলে সতর্ক করেছিলেন।
প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষণ না দেখা গেলে কয়েকদিনের মধ্যে মধ্যস্থতা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। তার কথায়, ‘আমরা সপ্তাহর পর সপ্তাহ বা মাসের পর মাস ধরে চেষ্টা চালাব না। যুক্তরাষ্ট্রের আরও অনেক ইস্যু আছে যেগুলোর ওপর নজর দেয়া উচিৎ।’
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। নিকোপল, খেরসন ও দোনেৎস্কে রাশিয়ার ড্রোন ও গোলাবর্ষণে হতাহত হয়েছেন অনেকে। ইউক্রেনের দাবি, তাদের বিমানবাহিনী অন্তত ২৫টি রুশ ড্রোন গুলি করে প্রতিহত করেছে এবং আরও ৩০টি পথ হারিয়েছে ইলেকট্রনিক যুদ্ধে।
দেশটির সেনাপ্রধান জানান, পোক্রোভস্কের কাছে প্রায় ১৬ কিলোমিটার এলাকা দখল করেছে তার বাহিনী। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে এবং ছয়টি রুশ অঞ্চলে ৭১টি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে।
একই সঙ্গে, ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিটি আগামী ২৪ এপ্রিল স্বাক্ষর হবে।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫