ডেস্ক নিউজ : উয়েফা নেশন্স লিগের লিগ ‘এ’র গ্রুপ টুয়ের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। পরবর্তী দুই রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইজরাইল ও বেলজিয়াম। চলতি সপ্তাহেও এই ম্যাচ দুটি খেলতে মাঠে নামবে ফ্রান্স। যে কারণে ক্যাম্পে অনুশীলনও শুরু করেছে তারা।
আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রথম ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইজরাইল। এই ম্যাচের আগে বিভিন্ন ক্লাব থেকে ক্যাম্পে যোগ দিয়েছেন দলে ডাক পাওয়া খেলোয়াড়রা। নেশন্স লিগের দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন লিভারপুলের তারকা ডিফেন্ডার ইবরাহিমা কোনাতেও। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে গিয়ে তিনি এমন কাণ্ড করেছেন যে, রীতিমতো ভাইরাল হয়ে গেছেন।
ইবরাহিমা কোনাতে ফ্রান্স জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে গিয়েছিলেন রহস্যময় সাজে। কেতাদুরস্ত পোশাকের সঙ্গে তার মুখ ঢাকা ছিল সবুজ রঙের ঘোমটায়। এ অবস্থায়ই তিনি চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন।
কোনাতে যখন এই ঘোমটায় মুখ ঢেকে গাড়ি থেকে নেমে আসেন, আশেপাশে থাকা গণমাধ্যমকর্মীরা অবাক হয়ে যান। তখনও তাকে কেউ চিনতে পারেনি। এভাবেই তিনি ছবি তোলার জন্য জন্য কয়েকটি পোজ দেন। তারপর ঘোমটা সরাতেই তার পরিচয় প্রকাশ পেয়ে যায়।
কোনাতে ঠিক কেন ঘোমটায় মুখ ঢেকে এসেছিলেন তা এখনও রহস্য হয়েই আছে। অনেকের দাবি, একটি পোশাকের ব্র্যান্ডের পক্ষে প্রচারণা চালাতেই তার এই সাজ। কেউ আবার মনে করছেন এটা শুধুই দৃষ্টি আকর্ষণের জন্য প্রচারণা।
বৃহস্পতিবার ইজরাইলের বিপক্ষে বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মাঠে গড়াবে। এরপর ১৪ অক্টোবর একই সময়ে দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩৪