ডেস্ক নিউজ : দেশের সব শিল্প কারখানা আগামীকাল বুধবার চালু হবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিকপক্ষের যৌথ বিবৃতির বিষয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কাল থেকে সব শিল্পকারখানা চালু হবে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরও যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি।
এই সমঝোতা স্মারকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সবাই স্বাক্ষর করেছে। সবাইকে এটা মেনে চলতে হবে। অঙ্গীকার করতে হবে যে, এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই। কোনো বাহানা করা যাবে না।’
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৫