বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View

ডেস্কনিউজঃ বিশ্বকাপ ফাইনালে রোববার ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে রোববার রাত ৯টায় শুরু হবে ফাইনাল।তাই সব ধাক্কা কাটিয়ে স্বপ্ন ছোঁয়ার আশা কোচ লিওনেল স্কালোনির।

প্রতিপক্ষ অনুযায়ী সব সময় দলে পরিবর্তন আনেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল স্কালোনি। ফ্রান্সের বিপক্ষে কেমন ফর্মেশন বেছে নেবেন, একাদশে কাকে রাখবেন সেটা সময়ই বলে দেবে।

বার্তা সংস্থা রয়টার্স ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে একটি ধারণা দিয়েছে। তাদের মধ্যে

এমিলিয়ানো মার্তিনেস

প্রথম ম্যাচে দুই গোল হজম করলেও এর পর থেকে পোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে উঠেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। নকআউট পর্বের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের শেষের দিকে তিনি দারুণ কিছু সেভ করেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ৩০ বছর বয়সী এই ফুটবলার ছিলেন নায়ক। ঠেকিয়ে দেন দুটি পেনাল্টি, দল জেতে ৪-৩ ব্যবধানে। ফাইনালে লাতিন আমেরিকার দেশটির জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন মার্তিনেস।

ক্রিস্তিয়ান রোমেরো

ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই চমকে দিয়ে ২-১ গোলে জিতেছিল সৌদি আরব। ওই ম্যাচে সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোর পারফরম্যান্স ভালো ছিল না। তবে পরের পাঁচ ম্যাচের অজেয় যাত্রায় বড় অবদান রাখেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

নিকোলাস ওতামেন্দি

সেন্ট্রাল ডিফেন্সে রোমেরোর সঙ্গী তার থেকে ১০ বছরের বড় নিকোলাস ওতামেন্দি। আসরে এখন পর্যন্ত দলের সফল যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বেনফিকার এই খেলোয়াড়।

নাহুয়েল মোলিনা

জাতীয় দলের হয়ে গত বছরের মাঝামাঝি অভিষিক্ত নাহুয়েল মোলিনা অল্প সময়ের মধ্যেই লিওনেল স্কালোনির দলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন এই রাইট-ব্যাক, যা আর্জেন্টিনার হয়ে তার প্রথম।

নিকোলাস তাগলিয়াফিকো

দুটি হলুদ কার্ড দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল মিস করেন মার্কোস আকুনিয়া। তার জায়গায় খেলা লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো ক্রোয়াটদের বিপক্ষে ভালো খেলেন, রক্ষণে যোগ করেন দৃঢ়তা। তারপরও ফাইনালে স্কালোনি আক্রমণাত্মক কৌশল নিলে শুরুর একাদশে জায়গা হারাতে পারেন ৩০ বছর বয়সী তাগলিয়াফিকো, ফিরতে পারেন আকুনিয়া।

লেয়ান্দ্রো পারেদেস

চলতি বিশ্বকাপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছয় ম্যাচের চারটিতে খেলেছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। সেমি-ফাইনালেও ছিলেন শুরুর একাদশে। তবে ফাইনালে স্কালোনি পাঁচ ডিফেন্ডার নিয়ে দল সাজালে লিসান্দ্রো মার্তিনেস আসতে পারেন পারেদেসের জায়গায়। আবার আনহেল দি মারিয়া শুরুর একাদশে ফিরলেও বেঞ্চে বসতে হতে পারে ২৮ বছর বয়সী পারেদেসকে।

রদ্রিগো দে পল

স্কালোনির কৌশলে খুব গুরুত্বপূর্ণ ২৮ বছর বয়সী রদ্রিগো দে পল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তিনি খেলেছেন চোট নিয়ে। ভক্তদের কাছে ২৮ বছর বয়সী এই ফুটবলার হয়ে উঠেছেন অধিনায়ক লিওনেল মেসির অনানুষ্ঠানিক ‘বডিগার্ড।’

আলেক্সিস মাক আলিস্তের

প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলা মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরের জাতীয় দলে অভিষেক ২০১৯ সালে। এরপর দল থেকে বাদ পড়েন তিনি এবং এই বছর স্কালোনির দলে ফেরার পর জায়গা করে নেন বিশ্বকাপের স্কোয়াডে। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল করেন ২৩ বছর বয়সী আলিস্তের।

এনসো ফের্নান্দেস

মেক্সিকোর বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এখন এনসো ফের্নান্দেস। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আত্নঘাতী গোলে শঙ্কায় পড়ে যায় আর্জেন্টিনা, শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জেতে তারা।

হুলিয়ান আলভারেস

চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া হুলিয়ান আলভারেস কাতারে নিজেকে চেনাচ্ছেন নতুন করে। ক্লাব পর্যায়ে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের জন্য সেভাবে পাদপ্রদীপের আলোয় উঠে আসতে না পারা এই আর্জেন্টাইন বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল করেছেন। যার মধ্যে রয়েছে সেমি-ফাইনালের দুটি। লিওনেল মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার।

লিওনেল মেসি

নিজের শেষ বিশ্বকাপে দেশকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করার মিশনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আছেন দারুণ ছন্দে। পাঁচ গোল করে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন তিনি।

এছাড়া লিওনেল মেসির সামনে নতুন রেকর্ড গড়ারও হাতছানি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে আসরের সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ গোলে সহায়তা দেওয়ার রেকর্ড গড়ার পথে আর্জেন্টাইনের এই সুপারস্টার। পাশাপাশি তিনি গোল্ডেন বুট জয়ের প্রথম সারিতেই অবস্থান করছেন।

কিউএনবি/বিপুল/১৭.১২.২০২২/সন্ধ্যা ৬.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit