আন্তর্জাতিক ডেস্ক : চার বছর বিরতির পর ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে তুরস্ক। ইহুদি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তুরস্কের নেওয়া সর্বশেষ পদক্ষেপ এটি। শুক্রবার দেশটির রাষ্ট্রপতির ডিক্রির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। তুর্কি গণমাধ্যম থেকে জানা যায়, নিয়োগপ্রাপ্ত সাকির ওজকান তোরুনলার একজন প্রবীণ কূটনীতিক।
তিনি ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে জেরুজালেমে তুরস্কের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রপতির ডিক্রিতে এই পদে তার নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, আংকারা ২০১৮ সালের মে মাসে ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। অন্যদিকে জেরুজালেমের তুর্কি কনসালকে ফেরত পাঠিয়ে ইসরায়েলও প্রতিবাদ জানায়।
তুর্কি নেতা রিসেপ তাইয়িপ এরদোয়ান ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগের সরকারের অধীনে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতির সমালোচনা করার পর দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তবে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর এরদোয়ান নেতানিয়াহুকে অভিনন্দনপত্র পাঠান। সূত্র : আরব নিউজ
কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪