মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

অবসরে যাচ্ছেন আইজিপি বেনজীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে তাকে অবসর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে বলা হয়, “ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদফতর, ঢাকাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী অবসর দেয়া হলো।”

“তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্ডসহ ১ অক্টোবর ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।”

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কিশোরগঞ্জের এসপি, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদরদপ্তরে এআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালে তিনি সারদা পুলিশ একাডেমির চিফ ইনস্ট্রাক্টর (সিআই) ছিলেন। পরবর্তীতে টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মহাপরিদর্শক ছিলেন। বসনিয়া ও কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন বেনজীর।

নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে এক বছর কাজ করেন তিনি। ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত তিনি র‌্যাবের মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের ৩০তম মহাপরিদর্শক (আইজি) হিসেবে নিয়োগ পান। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি মহাপুলিশ পরিদর্শকের দায়িত্ব পালন করবেন।

তিনি র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্বে ছিলেন ছয় বছরের বেশি। তার আগে তিনি প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ছিলেন।

বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্ট্যাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরের বিশ্বব্যাংক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেন।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit