স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলুড়ে সব দেশের ক্রিকেটাররা বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ালেও ভারতীয় ক্রিকেটাররা বিদেশের মাটিতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন না। তবে অদূর ভবিষ্যতে দৃশ্যপট বদলে যেতে পারে। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বিসিসিআইয়ের এজিএমে (বার্ষিক সাধারণ সভা) ক্রিকেটারদের অনুমতি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস। আসলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির চাপেই নাকি এমন সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় পত্রিকাটি জানিয়েছে, বিসিসিআই এখন ভারতীয় খেলোয়াড়দের বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে অনুমতি দেওয়ার চিন্তা করছে। বিদেশে আইপিএলের ক্রমবর্ধমান প্রভাবের ফলে ভারতীয় খেলোয়াড়দের অনুমতি দেওয়ার দাবি ব্যাপকভাবে বেড়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলি সিএসএ টি-টোয়েন্টি লিগে ৬টি দলকে অধিগ্রহণ করেছে। সেই কারণেই হয়তো বিসিসিআই এখন সবুজ সংকেত দিতে প্রস্তুত।
ইনসাইডস্পোর্টসকে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘বিদেশের লিগে উপস্থিতি সহ কয়েকটি আইপিএল দল ভারতীয় খেলোয়াড়দের বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে। কিন্তু কোনো সিদ্ধান্তে আসার আগে আমাদের এজিএমে এ বিষয়ে আলোচনা করতে হবে। এটি একটি বিতর্কিত বিষয়। এর কারণে আইপিএল সফল হয়েছে। অবশ্যই আমরা এটি হারাব না। ক্রমবর্ধমান ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ভারতীয় খেলোয়াড়দের অনুমতি দেওয়া হতে পারে। ‘
বর্তমানে, বিসিসিআই শুধুমাত্র নারী ক্রিকেটার এবং অবসরপ্রাপ্ত পুরুষ খেলোয়াড়দের বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়। তবে সমস্ত সক্রিয় ভারতীয় খেলোয়াড়দের বিদেশের ক্রিকেট লিগে অংশে নেওয়ার ব্যপারে বাধা দেওয়া হয়। বিসিসিআই বিশ্বাস করে, ভারতীয় খেলোয়াড়রা বিদেশি লিগে খেললে আইপিএল তার বিশেষত্ব হারাবে। যদিও বোর্ড অবস্থান পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু হাই-প্রোফাইল খেলোয়াড় বা কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়া হবে না। তার মানে বিরাট কোহলি বা রোহিত শর্মা বিবিএল বা দ্য হান্ড্রেড বা সিপিএলে খেলবেন না।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫