শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ইসরাইলিদের বিপক্ষে ম্যাচ, ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির তুর্কিরা, বাগড়া পুলিশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

স্পোর্টস ডেস্ক : কাগজে কলমে ইউরোপা লিগের এই ম্যাচটা ছিল তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরাইলি হাপোয়েল বের শেভার। কিন্তু তুরস্কে ইসরাইল বিরোধী মনোভাব তুঙ্গে থাকার কারণে শেষমেশ ম্যাচটা হলো জর্জিয়ায়। তবে তাতেও রেহাই মিলল না। জর্জিয়ার বাতুমিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচেও তুর্কিরা হাজির হয়েছিলেন ফিলিস্তিনের পতাকা নিয়ে। পুলিশ তাতে বাগড়া দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে গোটা গ্যালারিতে। শেষমেশ রেফারি মর্টেন ক্রগকে ম্যাচই ৩০ মিনিট বন্ধ রাখতে হয়। শেষ পর্যন্ত ম্যাচ ২-১ গোলে জিতেছে বেসিকতাস।

তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভি জানিয়েছে, পুলিশ পেপার স্প্রে ব্যবহার করেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তুরস্কের সমর্থকেরা ইসরায়েলবিরোধী স্লোগান দিয়েছেন। গ্যালারিতে ফিলিস্তিনের পতাকাও দেখা গেছে। ম্যাচটি এমনিতেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর ছিল। এসব ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলির সঙ্গে কথা বলেছেন। চিফতচির ভাষ্য, তামাজাশভিলি তাকে জানিয়েছেন, ফিলিস্তিনের পতাকা জব্দ করেছেন উয়েফার কর্মকর্তারা। জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তা করেনি। চিফতচি আরও বলেন, পরিস্থিতি খারাপ হলে জর্জিয়ার মন্ত্রী নিজের ডেপুটিকে স্টেডিয়ামে পাঠিয়েছেন। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তৎক্ষণাৎ মন্তব্য করেনি। 

তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন বাকও নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলেছেন। তার মতে, খেলাধুলায় বৈষম্য ও অবিচারের কোনো জায়গা নেই। বাক বলেন, ‘খেলাধুলার সর্বজনীন মূল্যবোধের সঙ্গে যায় না, এমন সব ধরনের বৈষম্য ও অবিচারের আমরা বিরোধিতা করি।’

তুর্কি ফুটবল ফেডারেশনও একই সমালোচনা করেছে। তারা বলেছে, পুরো তদন্ত নিশ্চিত করতে বিষয়টি শেষ পর্যন্ত অনুসরণ করা হবে। দায়ীদের শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে। তুরস্কের বড় ক্লাব গালাতাসারাই, ফেনারবাহচে ও ট্রাবজোনস্পরও বেসিকতাসের পাশে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে তারা নিরাপত্তা বাহিনীর নিন্দা করেছে।

গ্যালারির এই বিশৃঙ্খলাই বৃহস্পতিবার বেসিকতাসের একমাত্র দুর্ভোগ ছিল না। জর্জিয়ায় যাওয়ার পথেই তুর্কি দল ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়ে। দলকে বহনকারী বেসরকারি বিমানে নাকি কয়েকবার বজ্রপাত হয়েছে। বিমান প্রবল ঝাঁকুনিতে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে বাতুমিতে নামার পরিকল্পনা বাদ দিতে হয়।

কয়েক মিনিট জর্জিয়ার আকাশে চক্কর দিয়ে বিমানটি তুরস্কের রিজে-আর্তভিন বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়। সেখানে নিরাপদে নামে বিমানটি। তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি স্পরের খবর অনুযায়ী, বেসিকতাসের কর্মকর্তারা এই যাত্রাকে জীবনের সবচেয়ে উদ্বেগজনক বিমানযাত্রা বলেছেন।

হাতে সময় ছিল কম। তাই রিজে থেকে বাতুমির বাকি ১৩০ কিলোমিটার সড়কপথে যেতে হয়। এই বিপর্যয়ে কোচ ভিনচেনৎসো ইতালিয়ানোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনও বাতিল হয়ে যায়।

বেসিকতাস ছিল নামেমাত্র স্বাগতিক দল। কিন্তু তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনা আছে। নিরাপত্তার কারণে হাপোয়েল বের শেভাকে তুরস্কে আয়োজন করা যায়নি। তাই উয়েফা ম্যাচটি জর্জিয়ায় নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়।

মাঠে নামার আগে প্রথম চার ম্যাচে বেসিকতাসের পয়েন্ট ছিল সাত। প্লে-অফ পর্বের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছিল তারা। অন্যদিকে হাপোয়েলের পয়েন্ট ছিল মাত্র এক। অবস্থান উন্নত করতে মরিয়া ছিল তারা। তবু ২-১ গোলের জয় ছাপিয়ে গেছে আধ ঘণ্টা ম্যাচ বন্ধ করে দেওয়া সেই দৃশ্য। বাতুমিতে কী ঘটেছে, তা এখন তদন্ত করতে হবে উয়েফাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit